প্রধানমন্ত্রী তারেক রহমান আসন্ন ঈদুল ফিতরের ছুটিতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মন্ত্রীদের বিশেষ নজরদারির নির্দেশনা দিয়েছেন। মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ বৈঠকে তিনি এই গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। বৈঠক শেষে পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি সাংবাদিকদের জানান, উৎসবের সময় নাগরিক নিরাপত্তা নিশ্চিত করাকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।
বিশেষ করে সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল এবং নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে।বৈঠক সূত্রে জানা গেছে, ঈদের সাত দিনের ছুটিতে দেশের বাজার ব্যবস্থাপনা, জ্বালানি সরবরাহ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সমাজে যাতে কোনো অস্থিরতা তৈরি না হয়, সেদিকে বিশেষ নজর দিতে বলেছেন প্রধানমন্ত্রী।
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সংবাদমাধ্যমকে জানান, নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখা এবং জনজীবনে স্বস্তি বজায় রাখতে প্রতিটি বিভাগকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। সরকার চায় নাগরিকরা যেন কোনো প্রকার ভোগান্তি ছাড়াই ঈদের আনন্দ উদযাপন করতে পারেন।
এদিনের বৈঠকে নারী ও শিশু নির্যাতনের মতো সামাজিক অপরাধগুলো নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি জানান, প্রধানমন্ত্রী ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য বিচার বিভাগ ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয় জোরদার করার তাগিদ দিয়েছেন। নারী নির্যাতনের বিচার দ্রুততম সময়ে নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার বলে বৈঠকে উল্লেখ করা হয়। এছাড়া অপরাধীদের কঠোর শাস্তির আওতায় আনতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জিরো টলারেন্স নীতি অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে।
বৈঠকে সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগ ও কৃষি খাতের ক্ষয়ক্ষতি নিয়েও আলোচনা হয়েছে। আকস্মিক বন্যা, শিলাবৃষ্টি ও ঝড়ের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে যে ক্ষয়ক্ষতি হয়েছে, তা দ্রুত নিরূপণ করতে কৃষি, খাদ্য এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়কে দায়িত্ব দেওয়া হয়েছে। একই সাথে চলতি অর্থবছরের সম্পূরক বাজেটের অনুমোদন এবং বিশ্ব বাণিজ্য সংস্থার একটি নীতিগত সিদ্ধান্তের বিষয়েও ঐকমত্য পোষণ করা হয়। ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনে সরকার দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে বলে বৈঠকে আশ্বস্ত করা হয়েছে।